শিশু খাদ্যে প্লাস্টিক খেলনা কেন?
শিশুদের খাবার নিয়ে আমাদের উদ্বেগ কতটা?
প্রশ্নটি সহজ, কিন্তু উত্তরটি খুবই কঠিন।
কারণ বাজারে শিশুদের জন্য তৈরি খাবারের প্যাকেটের দিকে তাকালেই বোঝা যায়, সেখানে খাবারের চেয়ে অনেক সময় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শিশুকে কীভাবে আকৃষ্ট করা যায়,
সেই কৌশলে।
চিপস,
ওয়েফার, চকোলেট, জুসসহ নানা ধরনের প্যাকেটজাত খাবার এখন পাড়া-মহল্লার ছোট দোকান থেকে শুরু করে বড় সুপারশপ পর্যন্ত সর্বত্র।
রঙিন প্যাকেট, কার্টুন চরিত্র, আকর্ষণীয় বিজ্ঞাপন—সবকিছু দিয়েই শিশুদের টানার চেষ্টা চলছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন আরেকটি কৌশল—খাবারের সঙ্গে ফ্রি প্লাস্টিকের খেলনা।
একটি শিশুর কাছে এটি আনন্দের।
একটি চিপসের প্যাকেট কিনলে খাবারের পাশাপাশি পাওয়া যাচ্ছে খেলনা।
কিন্তু একজন অভিভাবকের কাছে প্রশ্নটা অন্যরকম হওয়া উচিত—এই খেলনাটি কতটা নিরাপদ?
খাবারের সঙ্গে একটি প্লাস্টিকের খেলনা দেওয়া হচ্ছে।
খেলনাটি আবার অনেক সময় আলাদা একটি প্লাস্টিকের মোড়কে আবদ্ধ।
অর্থাৎ একই প্যাকেটের ভেতরে খাবার ও প্লাস্টিকজাত খেলনা।
প্রশ্ন হলো, শিশুদের খাবারকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি?
আমাদের দেশের বাজারে এমন অনেক প্যাকেটজাত খাবার রয়েছে, যেগুলোর
মূল ক্রেতা শিশু-কিশোর।
দাম তুলনামূলকভাবে হাতের নাগালে হওয়ায় মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিশুরাও সহজেই এসব খাবার কিনতে পারে।
পাড়ার দোকানের সামনে সাজানো রঙিন প্যাকেটগুলো তাই শুধু খাবার বিক্রি করছে না; একই সঙ্গে শিশুদের একটি নির্দিষ্ট খাদ্যাভ্যাসের দিকে ঠেলে দিচ্ছে।
আর সেই আকর্ষণকে কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে ছোট্ট একটি খেলনা।
খাবারের
চেয়ে খেলনাই
যখন বড়
আকর্ষণ
শিশুদের রঙিন ও নতুন
খেলনার প্রতি আকর্ষণ স্বাভাবিক।
একটি ছোট খেলনা তাদের কাছে আনন্দের বিষয়।
বন্ধুদের হাতে কোনো খেলনা দেখলে নিজেরও সেটি পাওয়ার আগ্রহ তৈরি হয়।
এভাবেই কখনো কখনো খেলনা সংগ্রহকে ঘিরে শিশুদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতাও তৈরি হয়।
কোম্পানিগুলো এই শিশুমনস্তত্ত্বকে কাজে লাগাচ্ছে।
একটি খাবার শিশুর কাছে যতটা আকর্ষণীয় নয়, তার সঙ্গে ‘ফ্রি
গিফট’ থাকলে সেটিই হয়ে উঠছে বেশি আকর্ষণীয়।
ফলে শিশুটি খাবারটি চাইছে খাবারের প্রয়োজন থেকে নয়, খেলনাটির জন্য।
এখানেই আমার আপত্তি।
শিশুর খাদ্যাভ্যাস তৈরি করার ক্ষেত্রে খাবারের পুষ্টিমান, গুণগত
মান কিংবা স্বাস্থ্যকর উপাদানের পরিবর্তে যদি খেলনা প্রধান আকর্ষণ হয়ে ওঠে, তাহলে সেটি নিছক বিপণন কৌশল হিসেবে দেখার সুযোগ নেই।
এর সঙ্গে শিশুর স্বাস্থ্য ও ভবিষ্যৎ খাদ্যাভ্যাসও জড়িত।
প্লাস্টিকের খেলনা মুখে
গেলে কী
হয়?
শিশুরা স্বভাবতই হাতের কাছে পাওয়া জিনিস মুখে দেয়।
বিশেষ করে ছোট শিশুরা কোনো বস্তু হাতে পেলে সেটি চুষে দেখা বা মুখে দেওয়াকে অস্বাভাবিক মনে করে না।
তাহলে খাবারের প্যাকেটের ভেতরে থাকা একটি ছোট প্লাস্টিকের খেলনা তার মুখে যাবে না—এমন নিশ্চয়তা কোথায়? প্লাস্টিকের
খেলনা যদি শিশুর মুখে যায়, সেটি পরিষ্কার না থাকলে
জীবাণু শরীরে প্রবেশ করতে পারে।
মুখে দীর্ঘ সময় থাকলে মুখের ভেতরে অস্বস্তি, ঘা বা সংক্রমণের মতো সমস্যাও তৈরি হতে পারে।
আর খেলনাটি যদি ছোট হয়, সবচেয়ে বড় আশঙ্কা—সেটি শ্বাসনালিতে চলে যেতে পারে।
ডাক্তার বন্ধু আবিদা সুলতানার কাছ থেকেও আমি এমন ঝুঁকির কথা শুনেছি।
শিশু খেলনা মুখে নিয়ে খেলতে গিয়ে সেটি ভুলভাবে শ্বাসের সঙ্গে ভেতরে টেনে নিলে মারাত্মক শ্বাসকষ্ট তৈরি হতে পারে।
খেলনার আকার বড় হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
বিশেষ করে প্যাকেটের সঙ্গে দেওয়া ছোট বাঁশিগুলো নিয়ে প্রশ্ন আরও গুরুতর।
এগুলো মুখ দিয়ে বাজানোর জন্য তৈরি।
শিশু যদি ভুলভাবে টান দেয় কিংবা খেলনাটির কোনো অংশ আলগা হয়ে যায়, তা শ্বাসনালিতে
আটকে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।
একটি খাবারের সঙ্গে এমন একটি খেলনা কেন দেওয়া হবে, যার ব্যবহারের সঙ্গে শিশুর জীবন পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে—এই প্রশ্নের উত্তর কে দেবে?
খেলনাটি
আসলে কী
দিয়ে তৈরি?
একজন সাধারণ বাবা-মা একটি ছোট প্লাস্টিকের খেলনা দেখে বুঝতে পারবেন না, সেটি কোন ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি।
এতে কী ধরনের রং ব্যবহার করা হয়েছে, কী রাসায়নিক রয়েছে, শিশুর মুখে গেলে সেটি কতটা নিরাপদ—এসব তথ্যও সাধারণত তাদের জানা থাকে না।
শিশুদের খেলনা হলে সেটি নিরাপদ উপাদান দিয়ে তৈরি হওয়া উচিত।
বিশেষ করে যে খেলনা শিশুর মুখে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।
কিন্তু আমাদের বাজারে পাওয়া এসব খেলনার ক্ষেত্রে সেই নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা কতটা শক্তিশালী? এখানেই প্রশ্ন।
খাবারের
সঙ্গে প্লাস্টিক—কেন?
আমরা যখন খাবারের নিরাপত্তা নিয়ে কথা বলি,
তখন সাধারণত খাবারের ভেতরে কী আছে, মেয়াদ ঠিক আছে কি না,
ভেজাল আছে কি না—এসব নিয়ে আলোচনা করি।
কিন্তু খাবারের প্যাকেটের ভেতরে থাকা প্লাস্টিকের খেলনাটি নিয়ে কতটা ভাবি? খেলনাটি আলাদা প্লাস্টিকের মোড়কে থাকলেও সেটি একই প্যাকেটের মধ্যে রয়েছে।
খেলনার ঘর্ষণে প্লাস্টিকের ক্ষুদ্র কণা বা রঙের অংশ আলগা হওয়ার সম্ভাবনা থাকলে সেটিও বিবেচনায় নেওয়া দরকার।
বিশেষ করে শিশু যখন খেলনাটি মুখে দেয়, তখন ঝুঁকির বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
প্লাস্টিক নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ
তৈরি হয়েছে, মাইক্রোপ্লাস্টিক নিয়ে যে গবেষণা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে শিশুদের প্লাস্টিকের সংস্পর্শকে হালকাভাবে দেখার সুযোগ নেই।
গবেষণায় শিশুদের মলে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতিও পাওয়া গেছে।
শিশুদের প্লাস্টিকের পাত্র, চুষনি, খেলনাসহ বিভিন্ন সামগ্রীর সংস্পর্শের বিষয়টি এ নিয়ে আলোচনায় এসেছে।
অর্থাৎ আমরা এখন এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন প্লাস্টিকের প্রভাব নিয়ে বিশ্বজুড়ে গবেষণা হচ্ছে।
সেখানে শিশুদের খাবারের সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে প্লাস্টিকের খেলনা ঢুকিয়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত?
খাবারেও
স্বাস্থ্যঝুঁকি
এখানে আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না।
যেসব খাবারের সঙ্গে খেলনা দেওয়া হচ্ছে, সেগুলোর অনেকগুলোই অতিপ্রক্রিয়াজাত খাবার—চিপস, ওয়েফার, চকোলেট, মিষ্টিজাতীয় খাবার ইত্যাদি।
এসব খাবারে অতিরিক্ত চিনি, লবণ, চর্বি কিংবা পরিশোধিত কার্বোহাইড্রেট থাকার বিষয়টি স্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন।
নিয়মিত ও অতিরিক্ত এসব খাবার খাওয়ার ফলে শিশুর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ক্ষতিগ্রস্ত হতে পারে।
শিশু যখন এসব খাবারে অভ্যস্ত হয়ে যায়, তখন ঘরের স্বাভাবিক ও পুষ্টিকর
খাবারের প্রতি তার আগ্রহ কমে যেতে পারে।
ফলে শরীরের প্রয়োজনীয় পুষ্টি থেকে সে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
স্থূলতা, উচ্চ
রক্তচাপসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির সঙ্গে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সম্পর্ক নিয়েও বিশ্বজুড়ে আলোচনা ও গবেষণা রয়েছে।
তাহলে প্রশ্ন হলো—যে খাবারটি
এমনিতেই শিশুর খাদ্যতালিকায় সীমিত রাখা উচিত, সেটিকে আবার খেলনা দিয়ে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে কেন?
শিশুদের
নিয়ে এই
বিপণন কৌশল
কতটা গ্রহণযোগ্য?
একজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন।
কিন্তু একটি ছোট শিশু কোনো খাবারের পুষ্টিগুণ বিচার করে খাবারটি বেছে নেয় না।
সে দেখে রঙিন প্যাকেট।
সে দেখে কার্টুন, খেলনা, ফ্রি গিফট।
অর্থাৎ শিশুর স্বাভাবিক আকর্ষণকে কাজে লাগিয়েই তাকে একটি নির্দিষ্ট পণ্যের দিকে টেনে নেওয়া হচ্ছে।
কোম্পানির দৃষ্টিতে এটি হয়তো সফল মার্কেটিং।
কিন্তু কোম্পানীগুলোর কাছে আমার প্রশ্ন—শিশুর স্বাস্থ্য ও নিরাপত্তার বিনিময়ে এমন বিক্রয় কৌশল গ্রহণযোগ্য হতে পারে কি?
বিএসটিআইয়ের দায়িত্ব কোথায়?
বাজারে শিশুদের খাবারের সঙ্গে খেলনা দেওয়া হচ্ছে।
এসব খেলনা শিশুদের জন্য নিরাপদ কি না, তা কে
দেখবে?
বাংলাদেশে খাদ্য ও পণ্যের
মান নিয়ন্ত্রণে বিএসটিআই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।
প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে শিশুদের আকৃষ্ট করতে খাদ্যপণ্যের সঙ্গে খেলনা, স্টিকার ইত্যাদি দেওয়ার বিষয়ে নির্দেশনাও দিয়েছে । কিন্তু নির্দেশনা থাকলেই তো দায়িত্ব শেষ হয়ে যায় না।
বাজারে সেটি মানা হচ্ছে কি না, সেটিও দেখতে হবে।
কোন কোম্পানি কী দিচ্ছে, কী ধরনের খেলনা দিচ্ছে, খেলনাগুলো কী দিয়ে তৈরি, সেগুলো শিশুদের জন্য নিরাপদ কি না—এসব বিষয়ে কার্যকর নজরদারি প্রয়োজন।
প্রয়োজনে বাজার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করা উচিত।
একটি শিশুর হাতে তুলে দেওয়া খেলনার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু তার বাবা-মায়ের নয়।
যারা সেটা তৈরি
করছে, যারা বাজারজাত করছে এবং যারা বাজার নিয়ন্ত্রণ করছে—সবারই দায়িত্ব রয়েছে।
শিশুদের
স্বাস্থ্য নিয়ে
আমরা কতটা
সচেতন?
আমরা শিশুদের ভালো স্কুলে পড়াতে চাই।
ভালো পোশাক দিতে চাই।
ভালো খেলনা দিতে চাই।
ভালো ভবিষ্যৎ দিতে চাই।
কিন্তু সেই শিশুর মুখে কী তুলে দিচ্ছি, তা নিয়ে কতটা ভাবছি? একদিকে শিশুর স্বাস্থ্যকর খাবারের কথা বলা হচ্ছে, অন্যদিকে তার মন জয় করতে খাবারের সঙ্গে প্লাস্টিকের খেলনা দেওয়া হচ্ছে।
একদিকে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, অন্যদিকে শিশুর খাবারের প্যাকেটের ভেতরে অপ্রয়োজনীয় প্লাস্টিক ঢোকানো হচ্ছে।
এটি শুধু খাদ্যের বিষয় নয়।
এটি আমাদের ভোক্তা সংস্কৃতি, ব্যবসায়িক নৈতিকতা এবং শিশুদের প্রতি আমাদের সামাজিক দায়িত্বের প্রশ্ন।
একটি ছোট প্লাস্টিকের খেলনা হয়তো কোম্পানির কাছে সামান্য এক বিক্রয়
কৌশল।
কিন্তু একটি শিশুর কাছে সেটিই হতে পারে শ্বাসনালিতে আটকে যাওয়ার কারণ।
মুখে নিয়ে দীর্ঘ সময় চুষলে সেটি স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
খেলনাটি কী উপাদানে তৈরি, তা জানা না থাকলে অভিভাবকও বুঝতে পারেন না তিনি সন্তানকে কী দিচ্ছেন।
সবচেয়ে বড় কথা,
খাবারের সঙ্গে খেলনা দেওয়ার প্রয়োজনই বা কী? শিশুকে একটি খাবার খাওয়ানোর জন্য কেন তাকে খেলনার লোভ দেখাতে হবে?
কেন একটি শিশুর খাদ্যপছন্দকে খেলনা দিয়ে প্রভাবিত করতে হবে? আমার মনে হয়,
এসব প্রশ্ন এখনই গুরুত্বের সঙ্গে তোলা দরকার।
শিশুদের জন্য বাজারজাত করা খাবারে শুধু খাবারের নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না;
খাবারের সঙ্গে যা কিছু দেওয়া হচ্ছে, তার নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।
কারণ শিশুর হাতে দেওয়া একটি ছোট খেলনা আমাদের চোখে তুচ্ছ হতে পারে।
কিন্তু সেই খেলনার আড়ালে যদি থাকে স্বাস্থ্যঝুঁকি, তাহলে সেটি আর নিছক ‘ফ্রি গিফট’ নয়।


No comments